নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথগ্রহণ

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৬:২৮ এএম

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় হিমালয় কন্যাখ্যাত নেপাল। দুর্নীতিবিরোধী এবং তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন আন্দোলনের পর গত ৫ মার্চের নির্বাচনে বাজিমাত করেন কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। র‌্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৫ বছর বয়সী বালেন্দ্র এবার নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভবনে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে শপথবাক্য পাঠ করান। মাত্র তিন বছরের পুরনো দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যের পার্লামেন্টে ১৮২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হওয়া কেপি শর্মা অলির দল সিপিএন-ইউএমএল পেয়েছে ২৫টি আসন।

দেশটির ৩ কোটি মানুষের মধ্যে এক-পঞ্চমাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে। কর্মসংস্থানের অভাবে প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ কাজের সন্ধানে দেশ ছাড়ছেন। এই সংকটময় পরিস্থিতিতে সামাল দেওয়াই হবে নতুন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শপথের এক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি র‌্যাপ গান প্রকাশের মাধ্যমে নির্বাচনে জয়ের পর নিজের প্রথম প্রকাশ্য বার্তা দেন বালেন শাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত