একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি আব্দুল মান্নান হাওলাদার (৮৬) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. সুজন জানান, রাত ১১টার দিকে আব্দুর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে এলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি জানান, মৃত আব্দুল মান্নান মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ৭২৯০ /এ। গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। বাবার নাম মৃত হাসান আলী হাওলাদার।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে কারা নিয়মে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত করা হয়। জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আব্দুল মান্নানসহ চারজনকে মৃত্যুদ- দিয়ে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। চার আসামি হলেন ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ এবং নুরুল আমিন হাওলাদার।
