স্কুলের ফ্যান চুরি থানায় মামলা

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরিসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় মামলা করেছেন।

গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার গুনারিতলা ইউনিয়নের পূর্ব মোসলেমাবাদ মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্র জানায়, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। স্কুল বন্ধ থাকার সময় বিদ্যালয়ে ওয়াশ ব্লকের নির্মাণকাজ চলছিল।

গত ২০ মার্চ বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ দেখতে গিয়ে প্রধান শিক্ষক চুরির বিষয়টি টের পান। তিনি বিদ্যালয়ের দোতলা ভবনের দ্বিতীয়তলায় গিয়ে দেখেন দুটি কক্ষের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখা যায়, কক্ষ দুটিতে থাকা ১০টি সিলিং ফ্যান নেই। এ ছাড়া ভবনের উত্তর ও দক্ষিণ পাশের বৈদ্যুতিক আরথিংয়ের তারও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।

স্থানীয়রা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত এ চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ রাশেদুল ইসলাম জানান, বিদ্যালয় বন্ধ থাকলেও উন্নয়নকাজ চলায় আমি মাঝেমধ্যে খোঁজ নিতে আসি। গত ২০ মার্চ গিয়ে দেখি এ বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত