গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় ময়লার স্তূপ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ওই এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়লার স্তূপের মধ্যে মাথার খুলি এবং মেরুদ-সহ বুকের কিছু হার পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশের খবর দিলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এটি একটি শিশুর মরদেহের কঙ্কাল। অন্যত্র শিশুটির মৃত্যু হয়েছে। কারণ এখানে মৃত্যু হলে পচা গন্ধ কিংবা শরীরের মাংস অবশেষে চিহ্ন থাকত। কঙ্কালটি কেউ এখানে ফেলে রেখে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার এসআই শহিদুল ইসলাম জানান, কামারজুড়ি এলাকায় ময়লা আবর্জনার স্তূপের পাশে মানুষের একটি কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। কঙ্কালটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। কঙ্কালটি কোন লিঙ্গের তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগেই তার মৃত্যু হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলে এবং বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।