বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। নিহত রাজীব শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের ফারুক শেখের ছেলে।
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের বিশ্বাস ও শেখ বংশের (গোষ্ঠী বিরোধ) মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলে আসছে। সেই পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ ও বিশ্বাস বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
