হেলমেট বাহিনী গুপ্ত বাহিনীতে রূপান্তর হয়েছে : ভূমিমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:০১ এএম

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো সেই ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনীতে’ রূপান্তর হয়েছে।

তারাই বর্তমানে দেশে মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে।

রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এ ছাড়া জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

মিনু বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো ‘প্রভু’ নয়, বরং ‘বন্ধুত্বে’ বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত