চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ইজিবাইক বাঁশখালি থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জন চোর সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের রওশন আলীর ছেলে হাসান (৩২) ও একই উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাদামতল কোনারপাড়া রফিকুল ইসলামের ছেলে দিল মোহাম্মদ (২৬)।
পুলিশ জানায়, উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাদুরবাড়ি এলাকা থেকে গত ১০ মার্চ দিদারুল আলম নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত ইজিবাইক চুরি হয়ে যায়। ইজিবাইকটি চুরি হওয়ার বিষয়টি থানায় অভিযোগ দায়ের করলে উদ্ধারে নামে পুলিশের একটি টিম। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল হতে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ইজিবাইক উদ্ধার করে। এ সময় চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, চুরি হওয়া ইজিবাইকসহ দুই চোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
