ইরান যুদ্ধ বন্ধে জোর কূটনৈতিক তৎপরতার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রবিবার (২৯ মার্চ) শুরু হচ্ছে উচ্চপর্যায়ের এক কূটনৈতিক সম্মেলন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে দুই দিনের সফরে ইসলামাবাদ যাচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা।
বিবৃতিতে বলা হয়, ২৯ ও ৩০ মার্চ সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান ও মিসরের বদর আবদেলাত্তি ইসলামাবাদে অবস্থান করবেন। চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মূলত আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং নিজেদের মধ্যে বহুমুখী সহযোগিতা জোরদার করার বিষয়ে নিবিড় আলোচনায় অংশ নেবেন।
আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি সফররত অতিথিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। চলমান আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর করাই এই সাক্ষাতের উদ্দেশ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
