সরকার পরিচালনার পাশাপাশি দলীয় কার্যক্রম গতিশীল করতে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে নিজের চেম্বারে বসে দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এর আগে গত ২৯ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিজ চেম্বারে অফিস করেছেন। বিভিন্ন সাংগঠনিক কর্মকা- নিয়ে দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ একাধিক সংসদ সদস্য।
এর আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদের চলমান অধিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে তিনি সরাসরি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুর থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। বিকেল সাড়ে ৪টার পর পুরো নয়াপল্টন এলাকায় মানুষের ঢল নামে।
নেতাকর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : রাস্তা বন্ধ করে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে তিনি আর কার্যালয়ে আসবেন না বলে নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান।
গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করা নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। কোনো রাস্তা বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা দেওয়া যাবে না। আগামী আধা ঘণ্টার মধ্যে রাস্তাটা ক্লিয়ার করতে হবে। সবকিছু স্বাভাবিক রাখতে হবে।’
দেশের মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে। কাজেই এখানে যে সব নেতাকর্মী আছেন, সারা দেশে আমাদের যে সব নেতাকর্মী আছেন, আমাদের আইন-শৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, এমন কিছু করা যাবে না।’
তিনি বলেন, ‘দেশে অনেক সমস্যা আছে। মানুষকে বোঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে। আমাদের অনেক কাজ আছে। এক নম্বর কাজ হচ্ছে রাস্তা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসে আসতে পারব, না থাকলে পারব না।’
