২০০ কোটি ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার : গভর্নর

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৭ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বহির্বিশ্বের সঙ্গে দেশের লেনদেনের ভারসাম্যে (বিওপি) সমর্থন দিতে ২০০ কোটি ডলার ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার। আইএমএফ এবং অন্যান্য কয়েকটি উৎস থেকে এই ঋণ নেওয়ার প্রাথমিক আলোচনা চলছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান গতকাল রবিবার অর্থনীতিবিষয়ক সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। তবে তিনি বলেন, সতর্কতার সঙ্গে প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। দেশ যাতে এই অবস্থায় ভালো থাকে, সেই চেষ্টা থেকে বাংলাদেশ ব্যাংক নীতি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে এবং সরকারকে পরামর্শ দিচ্ছে। বিভিন্ন প্রাক্কলনের ভিত্তিতে নানা বিষয় আলোচনা হচ্ছে। সব কিছুই যে সিদ্ধান্ত আকারে আসবে, তাও নয়।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ সভায় জ¦ালানি তেলের বাড়তি দর এবং সরবরাহ নিয়ে উদ্বেগের বিষয়ে গভর্নর বলেন, এ মুহূর্তে দ্রুত সমাধান নেই। প্রথমত, জ¦ালানি নিরাপত্তা নিশ্চিত করা দরকার। দ্বিতীয়ত, খরচ যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রেখে মূল্যস্ফীতি সামাল দেওয়া দরকার। সরকারের চেষ্টা আছে, দ্বিপক্ষীয় কোনো ব্যবস্থার মাধ্যমে কিছু করা যায় কি না। সরকার নানা উৎস থেকে জ¦ালানি নেয়। কোন জায়গা থেকে কী সুবিধা পাওয়া যায় সরকার দেখছে।

পাচার করা অর্থ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আমরা প্রায়ই এ বিষয়ে বৈঠক করছি। অবশ্য চুরি হওয়া সম্পদ উদ্ধারের সাফল্যের বৈশ্বিক হার খুব সামান্য। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এ বিষয়ে বাইরের যে এজেন্সির মাধ্যমে কাজ করছি, তার সঙ্গে অধিকাংশ ব্যাংকের চুক্তি হয়ে গেছে। মূলত ব্যাংকের যেসব অর্থ পাচার হয়েছে, সেগুলো আদায়ের জন্য এই প্রচেষ্টা।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী, ড. কবির আহমেদ এবং মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত