চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ২৮জন শিশুকে ভর্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকে ৪০ জন শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
হামে আক্রান্ত দুই শিশুর মধ্যে এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য শিশুটি চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল কার্যালয় সূত্র জানায়, হাম শনাক্ত হওয়া সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সে বোয়ালখালী উপজেলা থেকে এসেছে। পাঁচ মাস বয়সী অন্য শিশুর বাড়ি হাটহাজারী। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন জানিয়েছেন, শিশুস্বাস্থ্য বিভাগে গত এক সপ্তাহে হামের লক্ষণ নিয়ে ১৮ জন ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম আগেই শনাক্ত হয়েছে। বাকি ১৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে মা ও শিশু হাসপাতালেও হামের লক্ষণ নিয়ে আরও ৯ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন ভর্তি আছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের তিন হাসপাতালে ২৮ জন ভর্তি আছে। বাকি ১২ জনকে বাড়িতে নেওয়া হয়েছে।
চমেক হাসপাতাল সুত্র জানায়, শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান মোহাম্মদ মুছা মিঞা বলেন, হামের লক্ষণ নিয়ে ভর্তি অধিকাংশ শিশুর বয়স ১৫ মাসের নিচে। ভর্তি হওয়া শিশুদের অনেকের শরীরে র্যাশ, জ্বর ও নিউমোনিয়া দেখা গেছে। শিশু ওয়ার্ডের আলাদা হাম কর্নারে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
