আলোচনায় ইয়াশ-তটিনীর ‘তুমি যখন এলে’

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:১২ এএম

টিভি নাটকের সময়ের দর্শকপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের বেশিরভাগ নাটকই দর্শকের মনে অন্যরকম এক দাগ কাটে। সম্প্রতি এই তারকাজুটির ‘তুমি যখন এলে’ শিরোনামের একটি নাটক প্রকাশ পেয়েছে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পরপরই দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। মাত্র কয়েকদিনে নাটকটি ইউটিউবে ৩০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। সায়েম খানের রচনায় ও রুবেল হাসানের পরিচালনায় নির্মিত এই নাটকটিতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও মেহজাবিন নূর।

নাটকটি প্রসঙ্গে নাটকটির  প্রযোজক রঙ্গন এন্টারটেইনমেন্টের কর্ণধার মো. জামাল হোসেন বলেন, ‘ইয়াশ ও তটিনী নাটকে এই প্রজন্মের জনপ্রিয় জুটি। অন্যদিকে রুবেল হাসানও এই প্রজন্মের একজন মেধাবী নাট্যনির্মাতা। রুবেল এর আগেও এই জুটিকে নিয়ে নাটক নির্মাণ করেছেন। একটি জুটির প্রতি যখন দর্শকের ভালোলাগা তৈরি হয়, তখন সেই জুটির নাটকের জন্য দর্শক অপেক্ষায় থাকেন। তুমি যখন এলে চমৎকার গল্পের একটি নাটক। যে কারণে দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করছেন। আমিও নাটকটি দেখেছি। ইয়াশ, তটিনী-সহ আরও যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকই যার যার চরিত্রে খুব চমৎকার অভিনয় করেছেন। আগামীতেও এই জুটিকে নিয়ে নাটক নির্মাণ করবে।’

অস্ট্রেলিয়া থেকে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘সবসময়ই চেষ্টা করি দর্শকের কথা মাথায় রেখে নাটক নির্মাণের। ধন্যবাদ জামাল ভাইকে আমার ওপর আস্থা রাখার জন্য।’ ইয়াশ-তটিনী বলেন, ‘ভালো গল্পে কাজ করতে আমরা সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। তুমি যখন এলে দর্শকের ভালো লেগেছে, শিল্পী হিসেবে এটাই আমাদের প্রাপ্তি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত