সরকারি প্রেসনোট প্রচারের জন্য পত্রিকার মতো টেলিভিশনেও অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। এই প্রস্তাব বাস্তবায়নে বেসরকারি টেলিভিশনে সরকারি প্রচার-প্রচারণায় বিজ্ঞাপনের রেট নির্ধারণে শিগগিরই একটি কমিটি গঠনের কথা চিন্তা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবার সভাপতিত্বে টেলিভিশন প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আলোচনা হয়। সভায় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও টেলিভিশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় তথ্য ও সম্প্রচার সচিব জাতীয় দিবস ও অনুষ্ঠান এবং সরকারি প্রচার-প্রচারণা ও বিভিন্ন অনুষ্ঠানের বিজ্ঞাপন বিনামূল্যে প্রচারের অনুরোধ জানান। এ ধরনের সরকারি প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপন প্রচারে আপত্তি নেই জানিয়ে টেলিভিশনের প্রতিনিধিরা বলেন, বর্তমান বাস্তবতায় এ ধরনের বিজ্ঞাপন বিনামূল্যে প্রচার করা সম্ভব নয়। এজন্য বিজ্ঞাপন রেট নির্ধারণ করে অর্থ প্রদানের অনুরোধ করা হয়।
একই সঙ্গে এ ধরনের প্রচার-প্রচারণার জন্য নির্মিত বিজ্ঞাপনের মান উন্নত করারও পরামর্শ দেন টেলিভিশন প্রতিনিধিরা। পরে তথ্য সচিব জানান, সিনিয়র সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে শিগগিরই বিজ্ঞাপনের রেট নির্ধারণে একটি কমিটি গঠনের মাধ্যমে এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে।
সরকারের গুরুত্বপূর্ণ বার্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন সচিব। একই সঙ্গে শিগগিরই ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
সভায় সচিব মাহবুবা ফারজানা বলেন, সরকারি বিজ্ঞাপন ও প্রচারণা কার্যক্রম পরিচালনায় একটি সমন্বিত মডেল তৈরি করা প্রয়োজন, যাতে স্বল্প ব্যয়ে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকারমূলক বার্তা জনগণের কাছে সহজ ও সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় অংশগ্রহণকারী টেলিভিশন মালিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এ বিষয়ে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
