রাজধানীর গাবতলী বেরিবাধে ট্রাক ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। তার নাম নুসরাত জাহান (১৪)। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবা মো. সোহাগ জানান, তাদের বাসা মোহাম্মদপুর ফিউচার হাউজিংয়ে। আত্মীয়ের বাসা থেকে অটোরিকশায় করে সপরিবারে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। গাবতলী বেরিবাধে আরেকটি অটোরিকশা তাদের অটোরিকশাটিতে ধাক্কা দিলে গাড়ি থেকে ছিটকে পড়ে নুসরাত। তখন দ্রুত গতীর একটি ট্রাকের নিচে চাপা পড়ে।
মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, মোহাম্মাদপুরে একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত নুসরাত। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
