পৃথিবীর বাইরে কি মানুষের বংশবিস্তার সম্ভব? গবেষণায় অদ্ভুত বিষয় প্রত্যক্ষ করলেন বিজ্ঞানীরা। মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণ বা মাইক্রোগ্রাভিটি প্রজনন ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মঙ্গল অভিযান বা চাঁদে বসতি স্থাপনের মতো দীর্ঘমেয়াদি মিশনের জন্য এটি একটি চ্যালেঞ্জ। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মাইক্রোগ্রাভিটি বা অতি-ক্ষুদ্র মাধ্যাকর্ষণ শক্তি, শরীরের কোষীয় স্তরে এমন কিছু পরিবর্তন আনে, যা প্রজনন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিজ্ঞানীরা দেখেছেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির অভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে স্বাভাবিকভাবে ফার্টিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়া কঠিন। এ ছাড়া ডিম্বাণু বিকাশের ক্ষেত্রেও এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। মহাকাশে শক্তিশালী মহাজাগতিক বিকিরণ বা কসমিক রেডিয়েশন থাকে। পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র আমাদের এই বিকিরণ থেকে রক্ষা করে। কিন্তু মহাকাশে সেই সুরক্ষা নেই। এই বিকিরণ ভ্রƒণের ডিএনএতে স্থায়ী ক্ষতি করতে পারে, যার ফলে জন্মগত ত্রুটি বা গর্ভপাতের ঝুঁকি বাড়ে। নাসা ‘আর্টেমিস’ মিশনের মাধ্যমে চাঁদ এবং মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। যদি দীর্ঘস্থায়ী বসতি গড়তে চায় মানুষ, তবে সেখানে বংশবিস্তার আবশ্যক। কিন্তু নতুন তথ্য বলছে, বর্তমান প্রযুক্তিতে মহাকাশে সুস্থ মানব শিশু জন্ম দেওয়া অসম্ভব।
