প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে পুনরায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুলাই আন্দোলনে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যামামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন গতকাল মঙ্গলবার শেখ মামুনের পাঁচ দিনের রিমান্ড শেষে আবার সাত দিনের রিমান্ড আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা উভয় পক্ষের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৫ মার্চ রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী হামলা চালায়। এ সময় শেখ মামুন খালেদের আদেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। সেদিন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়ে ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। ডিজিএফআইয়ের সাবেক এই সেনা কর্মকর্তা মামুনের এক-এগারোর সময় ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। শেখ মামুন ২০০৭ সালের ডিসেম্বরে সিগন্যালস কোরে কর্মরত ছিলেন। ২০০৮ সালের জুনে ডিজিএফআইতে পরিচালক হিসেবে যোগ দেন। কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর-সিআইবি দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালে ডিজিএফআইতে মহাপরিচালক (ডিজি) প্রায় দেড় বছর এই দায়িত্বে নিয়োজিত ছিল। ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে স্ত্রীসহ শেখ মামুন খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
