বেশি দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শিবালয় ইউনিয়নের অন্বয়পুর গ্রামে তারা মসজিদ সংলগ্ন একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, দোকানটিতে অক্টেন, পেট্রোল ও ডিজেল সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে অভিযোগ স্বীকার করলে দোকান মালিক মো. আরশেদ আলী বেপারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাকে সতর্ক করা হয়। অভিযানে শিবালয় থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত