সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু অভিযোগ করেছেন, সরকার সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বললেও বাস্তবে বিরোধী দলের সংসদ সদস্যদের বঞ্চিত করছে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এ অভিযোগ করেন।
মিতু বলেন, সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে সরকার ৩৭ জনকে বিভিন্ন উন্নয়ন বরাদ্দ দিয়েছে। তবে বিরোধী দলের ১৩ জন নারী এমপি কোনো বরাদ্দ পাননি।
তার ভাষ্য, প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে রাজনীতি করার কথা বললেও বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের প্রতিনিধিদের বাদ দেওয়া হয়েছে। এতে সরকার আগের রাজনৈতিক সংস্কৃতিই অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
রাজাপুর-কাঁঠালিয়ার উন্নয়নের প্রসঙ্গ তুলে মিতু বলেন, এলাকার সড়ক অবকাঠামোর অবস্থা নাজুক। জেলার চারজন সংসদ সদস্য থাকলেও প্রয়োজনীয় উন্নয়ন বরাদ্দ মিলছে না। বিরোধী দলের প্রতিনিধি হওয়ায় তিনি নিজেও কোনো বরাদ্দ আনতে পারছেন না বলে দাবি করেন। তবে জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে মিতু বলেন, জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা দলটি নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলছে। অল্প সময়ের মধ্যে দলটি যে জনসমর্থন পেয়েছে, তা একটি নতুন রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।
তিনি আরও বলেন, তার ছোট ভাই আরিফুর রহমান তুহিন সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদেরই এখন বরাদ্দের ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে রাজাপুর-কাঁঠালিয়ার মানুষের প্রতি তুহিনের পাশে থাকার আহ্বান জানান।
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন, রাজাপুর উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার শাকিলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।