বাজেটে ডিবিএর ৭ প্রস্তাব

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ এএম

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে করসংক্রান্ত সাত দফা প্রস্তাবনা দিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা, বিনিয়োগ ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে এসব প্রস্তাবনা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বরাবর পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম।

ডিবিএ মনে করছে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও গভীরতা বাড়বে, দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত হবে এবং সামগ্রিকভাবে বাজারে আস্থা ফিরবে।

ডিবিএর প্রস্তাবের মধ্যে রয়েছেÑ লভ্যাংশের ওপর উৎসে করকে চূড়ান্ত কর দায় হিসেবে গণ্যকরণ; কর রেয়াতের উদ্দেশ্যে অনুমোদনযোগ্য বিনিয়োগ সীমিত থাকায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরুৎসাহিত; মিউচুয়াল ফান্ড ও অন্যান্য সিকিউরিটিজে বৈষম্যমূলক করহার; টার্নওভারের ওপর কর্তিত উৎসে করকে (টিডিএস) বর্তমানে মিনিমাম ট্যাক্স হিসেবে গণ্য না করে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে গণ্যকরণ; ইকুইটি মাইনাস অ্যাকাউন্টের জন্য কর ছাড়; পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহিত করা এবং নিষ্ক্রিয় তালিকাভুক্ত কোম্পানির কর সুবিধা বাতিল করার প্রস্তাব করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত