কুমিল্লায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬১-৪-এস সংলগ্ন দক্ষিণ তেতাভূমি এলাকায় বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। 

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১টার দিকে টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায়। অভিযানে ৬৯৩টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা শাড়িগুলো কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

লে. কর্নেল শরিফুল ইসলাম বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত