শাহজাদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় বাবা-ছেলে আহত, প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের কাপড় ব্যবসায়ী বাবা-ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে আহত করার প্রতিবাদে ব্যবসায়ীরা বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে দোকানপাট বন্ধ করে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ ঘটনায় পুলিশের পদক্ষেপ তুলে ধরে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম নিজ কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। আহত ব্যবসায়ী মানিক মিয়া (৫৫) ও তার ছেলে অন্তর (২৫) চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ এপ্রিল) নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একদল সশস্ত্র কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা দোকানের মালামাল ও নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মানিক। এ ঘটনায় আহত মানিক মিয়া বাদী হয়ে শাহজাদপুর থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

ব্যবসায়ীরা জানান, বুধবার (১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় লোকজন এগিয়ে গেলে তাদেরও মারধর করে ভয়ভীতি দেখিয়েছে হামলাকারীরা। হামলাকারীদের প্রায় সবাই শাহজাদপুর পৌর সদরের দ্বাবারিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা আরও জানান, কিশোর গ্যাংয়ের হামলায় স্থানীয়রা অন্তরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় পাঠানে হয়েছে। আর আহত মানিক মিয়াকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, এই হামলার নেতৃত্বদানকারী ও কিশোর গ্যাংয়ের মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। না হলে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বেখে নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'হৃদয়ে শাহজাদপুর' নামের একটি আইডি থেকে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ও শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদের বিরুদ্ধে। এ অভিযোগ অস্বীকার করে বুধবার (১ এপ্রিল) রাতে দ্বারিয়াপুর বাজারে একটি সংবাদ সম্মেলন করেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ।

তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, আমরা দুইভাই শাহজাদপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাজনীতি করি। আমাদের নামে কোনও অপবাদ নেই। আমাদের দুই ভাইয়ের নাম জড়িয়ে একটি ভুয়া আইডি থেকে সম্মানহানী করার জন্য মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এই অপপ্রচারের নিন্দা জানান এবং যে সন্ত্রাসীরা নিরীহ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে তাদের সবোর্চ্চ শাস্তির দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদিক সম্মেলনে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো শাহজাদপুর পৌর এলাকার দাবারিয়া গ্রামের হাজী নুর ইসলামের ছেলে আবুল বাশার চেনি (৫৫) ও মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন সরকার (৪৩)। এ ছাড়া সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ ব্যাপারে আহত ব্যবসায়ী মানিক মিয়া বলেন, গতকাল দুপুরে বেশ কয়েকজন কিশোর আমার ছেলে অন্তরকে ডেকে নিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ২৫/৩০ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে আমার ছেলের ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ছেলেকে বাঁচাতে আমি এগিয়ে গেলে তারা আমাকেও কুপিয়ে আহত করেছে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ রেখে শহরে বিক্ষোভ মিছিল, মনববন্ধন ও সমাবেশ করেছেন। সমাবেশে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মনছুর আলী, সাধারণ সম্পাদক রনি খান শান্ত, হাটের পরিচালক নাদিম হোসেন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা খোকন আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদা না দেওয়ায় এ নৃশংস হামলা চালিয়েছে। তারা দাবি করেন, হামলাকারীরা দোকান থেকে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা নিয়ে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে দোকান বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, আসামিদের আইনের আওতায় আনতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী বা কিশোর গ্যাংয়ের লিডার যতই প্রভাবশালী হোক না কেন, তাদের অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত