শরীয়তপুর সদরের মৌলভীকান্দী এলাকায় খালের পলি অপসারণ শুরু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ খাল খননের উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
তিনি বলেন, কৃষিজমিতে সেচসুবিধা বাড়াতে খাল খনন ও খাল পলি অপসারণের অঙ্গীকার করেছিল বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর সেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে সাড়ে ৪ কিলোমিটার খাল পলি অপসারণ আজ শুরু করা হলো। নদী থেকে খালে পানি প্রবহমান করতে কীর্তিনাশা নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলবো। আর যেসব খালে কচুরিপানাসহ ময়লা রয়েছে পানি প্রবাহের জন্য সেসব খাল পরিষ্কারের উদ্যোগ নেয়া হবে। পরিষ্কার অভিযানে দলীয় নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানান তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান জানান, সদর উপজেলায় প্রথমবারের মতো মৌলভীকান্দী মাদরাসা থেকে সুবেদারকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এলাকাজুরে খালের পলি অপসারণের উদ্বোধন করা হয়েছে। পর্যাক্রমে উপজেলাব্যাপী খাল খনন ও খাল পলি অপসারণের আওতায় আসবে। কৃষিজমিতে সেচসুবিধা বাড়াতে খালের পলি অপসারণের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। সাড়ে ৪ কিলোমিটার খাল পলি অপসারণের জন্য প্রায় ৬১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
