ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত করার পাকিস্তানি মিশন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০০ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে পাকিস্তানের নেতৃত্বে পরিচালিত আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতা প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংঘাত বন্ধের শর্তাবলী নিয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্যের কারণে সাম্প্রতিক এই আলোচনা স্থবির হয়ে পড়েছে।

মধ্যস্থতাকারীদের ইরান জানিয়েছে, আগামী দিনগুলোতে তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যেসব দাবি জানিয়েছে, সেগুলোকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে তেহরান।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের ভয়াবহতা এড়াতে পাকিস্তান বেশ কিছুদিন ধরেই অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। মূলত সংঘাতের বিস্তার রোধ করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

তবে এই আলোচনা পুনরায় সচল করার জন্য মধ্যস্থতাকারীরা নতুন কোনো পরিকল্পনা করছেন কি না, কিংবা আলোচনার জন্য বিকল্প কোনো পথ খোঁজা হচ্ছে কি না—সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত