মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে তেল মজুতের দায়ে একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। উপজেলা চিতলিয়া এলাকায় শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত জানায়, গোপন খবর পেয়ে চিতলিয়া এলাকার ‘হিরন এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানে অভিযান চালায় প্রশাসন। তল্লাশিকালে দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রাম ভর্তি প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। তবে অভিযানকালে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া ও ছেলে জুয়েল মিয়া সটকে পড়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, উদ্ধারকৃত ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। পরবর্তী সময় সরকারি নির্দেশনা অনুযায়ী তেলগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
