হরমুজ প্রণালী দিয়ে ‘অত্যাবশ্যকীয় পণ্য’ বহনকারী জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেবে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরান কোন পণ্যকে ‘অত্যাবশ্যকীয়’ হিসেবে বিবেচনা করছে বা যেসব দেশকে তারা শত্রুভাবাপন্ন মনে করে তাদের জাহাজের ওপর অবরোধ বজায় রাখার বিষয়টি তালিকার মাধ্যমে স্পষ্ট করেছে।
ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থার প্রধানের উদ্দেশে পাঠানো এক নথিতে বাণিজ্যিক উন্নয়নবিষয়ক উপপ্রধান হুমান ফাতেহি বলেন, ‘অত্যাবশ্যকীয় পণ্য-বিশেষ করে মৌলিক ভোগ্যপণ্য ও পশুখাদ্য-বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হলো।’
ইরানি এই কর্মকর্তা জানান, এই নির্দেশনা ‘ইরানি বন্দরের দিকে যাওয়া বা বর্তমানে অঞ্চলে কার্যরত জাহাজগুলোর’ ক্ষেত্রে প্রযোজ্য।
তিনি আরও বলেন, প্রাসঙ্গিক নির্বাহী সংস্থাগুলোকে জারি করা নির্দেশনা অনুযায়ী এসব জাহাজের চলাচল সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফাতেহি জানান, গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রমের জন্য প্রস্তুত জাহাজগুলোর একটি তালিকা সমন্বয়ের জন্য পাঠানো হবে।
