কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভর্তি হওয়া ৫ শিশুর মৃত্যু হলো। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইজা নামে সাড়ে ৫ মাস বয়সী এক শিশু এবং জেনারেল হাসপাতালে রাত সাড়ে ৯ টায় ইব্রাহিম নামের ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়া শিশু আইজা শহরের রেনউইক মোড়ের বাসিন্দা মোমিনুর রহমানে কন্যা এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হওয়া শিশু ইব্রাহিম দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনে ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা এসএম আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ মার্চ জ্বর-সর্দি-কাশিসহ হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল শিশু আইজা। শিশুটির হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়া জটিলতায় ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে ১১টায় মারা যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, গত শুক্রবার হামের উপসর্গ নিয়ে দৌলতপুর থেকে এসে ভর্তি হয়েছিল শিশু ইব্রাহিম। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল জানান, শুক্রবার দুপুর পর্যন্ত ২৫০ শয্যার সদর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপতাল এবং ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় জ্বর-সর্দি-কাশিজনিত জটিলতা নিয়ে ভর্তি আছে ৩২৪ শিশু। এর মধ্যে নমুনা পরীক্ষাসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯, মৃত্যু সংখ্যা ৫।
