মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদরাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামে এক আবাসিক ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদরাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মারুফ হাসান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের মিনার হোসেনের ছেলে। সে ওই মাদরাসা কিতাব বিভাগের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ৩-৪ দিন আগে মারুফকে মোস্তফাগঞ্জ মাদরাসার আবাসিক শাখায় ভর্তি করানো হয়েছিল। শনিবার দুপুর ২টার দিকে বাবা মিনার হোসেন ছেলেকে খাবার খাওয়াতে মাদরাসায় গিয়ে তাকে খুঁজে পাচ্ছিলেন না। এরপর মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে মাদরাসার পুকুরপাড়ের নতুন ঘাটলার নিচে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ বিষয়ে পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি বা কোনো অভিযোগ করা হয়নি। এমনকি তারা কোনো ময়নাতদন্তের আবেদনও করেননি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি অসাবধানতাবশত পানিতে ডুবেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
পেশাজীবনে মেনে চলতে হবে যেসব বিষয়