কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হাজী মুহাম্মদ মুহসিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণব। এই ঘটনার প্রেক্ষিতে তাকে ছাত্রদলের সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য মাহি চৌধুরী অর্ণবকে তার সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 'উপরোক্ত ব্যক্তির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা সকল পর্যায়ের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।'
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
কৃষকের মাঝে সার-কীটনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন