ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৫ এপ্রিল) প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য জানান।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আফজাল নাছেরকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে তাকে এজলাসে তোলা হয়। প্রথমে তাকে এ মামলায় গ্রেফতার দেখান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ।

পরে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত