সরকারি সফরে বুধবার সন্দ্বীপ যাচ্ছেন সিডিএ চেয়ারম্যান

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪০ এএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বুধবার (২৬ আগস্ট) এক দিনের সফরে সন্দ্বীপ যাচ্ছেন। সরকারি সফরসূচি অনুযায়ী, এ সফরে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং একটি হাসপাতাল পরিদর্শন করবেন। 

সিডিএ চেয়ারম্যানের সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টায় তিনি সড়কপথে কুমিরা ঘাটের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ৯টায় কুমিরা ঘাট থেকে স্পিডবোটযোগে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সকাল ১০টায় গুপ্তছড়া ঘাটে পৌঁছে সড়কপথে তিনি সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের দিকে যাবেন।

সকাল সাড়ে ১০টায় কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সিডিএ চেয়ারম্যান। সন্দ্বীপ ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করছে। এরপর দুপুর ১২টায় উপজেলা কমপ্লেক্সের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ সময় সন্দ্বীপের বিভিন্ন উন্নয়ন, যোগাযোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা হতে পারে।
দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির পর বেলা ২টায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আবাসন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন গাছুয়া ৫১ শয্যার হাসপাতাল পরিদর্শন করবেন সিডিএ চেয়ারম্যান। সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় সড়ক ও জলপথে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।

সিডিএ চেয়ারম্যানের এ সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং ৫১ শয্যার হাসপাতাল পরিদর্শনের কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত