‘জীবনটা বুঝি শেষের পথে’

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ এএম

বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত এই শিল্পী সিনেমার গানে কণ্ঠ দিয়েই শ্রোতাদের মনে ঠাঁই করে নিয়েছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুলসংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে তিনি সমান পারদর্শী। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। এবার এই তারকাকে আজীবন সম্মাননায় ভূষিত করছে চ্যানেল আই। সংগীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ২০তম আসর বসছে আগামীকাল মঙ্গলবার। আয়োজনের প্রজেক্ট ডিরেক্টর রাজু আলীম জানান, বগুড়ার হোটেল মম ইন-এ অনুষ্ঠিতব্য জমকালো আসরে ২০২৪ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সব গানের মধ্য থেকে বাছাই করে আজীবন সম্মাননাসহ মোট ১৮টি বিভাগে এবার পুরস্কার প্রদান করা হবে।

আজীবন সম্মাননায় ভূষিত হওয়া প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘এ সময় এসেই আজীবন সম্মাননাপ্রাপ্তিতে, আমার অনুভূতিটা মিশ্র। হঠাৎ করেই মনে হয়, জীবনটা কী তাহলে শেষের পথে? ১৯৮৪ সালে সংগীতে আমার পেশাদার জীবন শুরু হয়। সেই হিসেবে ৪২ বছরের পেশাদার সংগীতজীবন। চ্যানেল আই থেকে যখন আমাকে আজীবন সম্মাননার কথা বলা হলো, তখন আসলে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম এই ভেবে যে, এখনো তো আমার গান গাওয়ার দিন শেষ হয়নি। হতে পারে যে আমার জীবনের শ্রেষ্ঠ গানটা আমি সামনে গাইব।’ আমার স্বামী সংগীত পরিচালক মইনুল ইসলাম খানও বললেন, ‘তুমি তো অনেকটা পথ হাঁটলে, এ সময় এসে আজীবন সম্মাননা গ্রহণ করলেই যে তোমার পথ শেষ হয়ে যাবে বিষয়টি এমন নয়। তখনই আসলে খুশি হলাম। সত্যিই ভালো লাগছে। ধন্যবাদ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’

১৯৭৬ সালে রেডিওর কলকাকলী অনুষ্ঠানে বশির আহমেদের সুরে ‘আমারই দেশ একটি ফুলের মতো’ গানটি কনকচাঁপার গাওয়া প্রথম মৌলিক গান। ১৯৭৮ সালে নতুন কুঁড়িতে তিনি ‘দেশাত্মবোধক’ গানে প্রথম, দলীয় সংগীতে প্রথম এবং উচ্চাঙ্গসংগীতে দ্বিতীয় হয়েছিলেন। বিটিভির ‘অন্তরঙ্গ’ অনুষ্ঠানে ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ গানটি টিভিতে গাওয়া তার প্রথম গান। এই শিল্পী প্রথম প্লে-ব্যাক করেন ‘বিধাতা’ সিনেমায়। এরপর সালমান শাহ অভিনীত ‘তুমি আমার’ সিনেমায় আবু তাহেরের সুরে ‘তুমি আমার ভালোবাসার গান’ ও ‘দেখা না হলে একদিন’ গান গেয়েছিলেন। এই দুটি গান শুনে আহমেদ ইমতিয়াজ বুলবুল কনকচাঁপাকে একটি সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দিলেন। এরপর তারই সুরে সিনেমায় অসংখ্য গান গেয়েছেন কনকচাঁপা। সিনেমায় প্রায় চার হাজার গান গেয়েছেন তিনি। ‘লাভ স্টোরি’ সিনেমায় গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর ‘প্রেমের তাজমহল’ ও ‘এক টাকার বউ’ সিনেমায় গান গেয়েও একই সম্মাননায় ভূষিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত