মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক শক্তিশালী হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, 'মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, আগে কখনই এমন কিছু দেখা যায়নি। এখনি (হরমুজ) প্রণালি খুলে দাও, না হলে জাহান্নামে পড়তে হবে—শুধু আল্লাহর কাছে দোয়া করো।'
এর কিছুক্ষণ পর ট্রাম্প আরও একটি পোস্টে আশা প্রকাশ করেছেন, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হওয়া সম্ভব। ফক্স নিউজকে তিনি বলেন, 'ইরান আমাদের সঙ্গে আলোচনা করছে এবং আমি বিশ্বাস করি সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।'
তবে ইরান বারবার জোর দিয়ে জানাচ্ছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। ট্রাম্প ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত 'একটি চুক্তিতে আসতে' বা 'হরমুজ প্রণালি খুলে দিতে' আল্টিমেটাম দিয়েছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সোমবার পর্যন্ত টানা ৩৮ দিন ধরে চলছে। এতে ইরানের শীর্ষ নেতৃত্বসহ বহু লোক হতাহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা জবাবে ইরানি বাহিনী ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।
