নকলকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে। নকলকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। একই সঙ্গে খাতা মূল্যায়নে কোনও অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। যদি কোনও পরীক্ষকের বিরুদ্ধে খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও অর্জনের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল ও পেশাদার আচরণ অপরিহার্য।

তিনি জানান, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, তার জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়াও মন্ত্রী শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসির সভাপতিত্বে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের কেন্দ্র সচিব, শিক্ষা বোর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত