ইরানের হামলায় জ্বলছে সৌদির পেট্রোক্যামিকেল প্ল্যান্ট

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রতিশোধমূলক আক্রমণের জন্য উপসাগরীয় দেশগুলোর অন্তত আটটি কারখানাকে টার্গেট করার ঘোষণা দিয়েছিল তেহরান।  এরপর মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে সৌদি আরবের জুবাইলের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান।  এতে প্ল্যান্টটিতে আগুন ধরে যায় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।

বার্তাসংস্থা এএফপি বলেছে, এ প্ল্যান্টটি সৌদির জুবাইলের বিস্তৃত বাণিজ্যিক এলাকায় অবস্থিত। অঞ্চলটি সৌদির পূর্বাঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক শহর। সেখানে লোহা, গ্যাস, পেট্রোক্যামিকেল, লুব্রিকেন্ট ওয়েল এবং রাসায়নিক সার উৎপাদন করা হয়।

সৌদির ব্যাসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি সূত্র এএফপিকে বলেছেন, জুবাইলের সাবিক প্ল্যান্টে হামলার পর আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ অনেক বিকট ছিল।

এদিকে ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ‘বাদশা ফাহাদ কসওয়ে’ নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এক্ষেত্রে সৌদির পূর্বাঞ্চলে ইরানের কথা উল্লেখ করা হয়েছে।

২৫ কিলোমিটার দীর্ঘ এ ব্রিজটি সৌদির সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র রাস্তা। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে আসে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করে দিলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত