ডিসপ্লে পিকচার নিয়ে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ এএম

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩.০ থেকে ৩.৩ বিলিয়নেরও বেশি। ২০২৬ সালের শুরুতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে প্রায় ৩.৩ বিলিয়ন হয়েছে। বছরের শেষে এই সংখ্যা ৩.৫ বিলিয়ন ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সহজভাবে বললে, পৃথিবীর প্রতি ৩ জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে প্রায় ২ জনই কোনো না কোনোভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

হোয়াটসঅ্যাপ তো অনেকেই ব্যবহার করেন। কিন্তু অনেকেই আছেন, যারা ডিসপ্লে পিকচার ফাঁকাই রাখেন। সেখানে কোনো ছবি থাকে না। যা নতুন করে কাউকে মেসেজ করলে বেশ সমস্যার। ছবি না থাকায়, কে মেসেজ করেছে, তা বুঝতে একটু সমস্যা হয়। এ ছাড়া চ্যাটের সময় ডিসপ্লে ছবি না থাকলে অস্বস্তি বোধও করেন অনেকে। সেই সমস্যা এবার সমাধানের পথে। ব্যবহারকারীর জন্য দারুণ এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার উল্টোদিকের লোকটার ডিসপ্লে ছবি দেওয়া না থাকলেও তার ছবি দেখতে পাবেন আপনি। সংস্থার তরফে জানানো হয়েছে, যাদের হোয়াটসঅ্যাপে ডিসপ্লে ছবি দেওয়া নেই তাদের ছবিও দেখা যাবে।

স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়, যাদের সঙ্গেই চ্যাট করা হয় তাদের সবার নম্বরই সেভ করা থাকে। বর্তমানে কন্টাক্টের সঙ্গে লিংক করা থাকে জিমেল অ্যাকাউন্ট। ফলে সবারই ছবি দেখা যায় কন্টাক্ট লিস্টে। যাদের হোয়াটসঅ্যাপে ডিপি থাকবে না, তাদের ক্ষেত্রে কন্টাক্টে থাকা ছবিই ভেসে উঠবে প্রোফাইল ছবি হিসেবে।

অনেকেরই প্রশ্ন, এতে গোপনীয়তা বিঘ্নিত হবে না? সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে, এতে ইউজারদের তথ্য চুরি বা এই জাতীয় কোনো সমস্যা হবে না। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ফিচার আনার চিন্তাভাবনা করা হয়েছে। তবে এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি চালানো হচ্ছে। পরবর্তী সময় সবাই এই ফিচারের সুবিধা পাবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, যদি কেউ আপনাকে ব্লক করে সেক্ষেত্রে এই ফিচার কাজ করবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত