অত্যাধুনিক এআই মডেল আনছে মাইক্রোসফট

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ এএম

প্রযুক্তির দুনিয়ায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে Microsoft, যেখানে অত্যাধুনিক এআই মডেল নিয়ে আসার ঘোষণা ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন উদ্ভাবন মানুষের কাজের ধরন, তথ্য বিশ্লেষণ এবং ডিজিটাল অভিজ্ঞতাকে আরও দ্রুত, স্মার্ট ও কার্যকর করে তুলবে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং বিশ্বব্যাপী এআই ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে নিজেদের তৈরি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বাজারে আনার পরিকল্পনা নিয়েছে। স্টেট অব দ্য আর্ট (এসওটিএ) বা সর্বাধুনিক মডেল বলতে এমন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝানো হয়, যা একই ধরনের অন্যান্য মডেলের তুলনায় বিভিন্ন মানদ-ে বেশি কার্যকর ও শক্তিশালী পারফরম্যান্স দেখাতে সক্ষম।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধান মুস্তাফা সুলেমান কোম্পানিটিকে এআই খাতে সম্পূর্ণ স্বনির্ভর করে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এ লক্ষ্যে ভোক্তা পর্যায়ের ব্যবহার থেকে শুরু করে মূল ভিত্তির মডেল তৈরি সবকিছুই নিজেদের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। ওপেনএআইয়ের সঙ্গে আগের চুক্তি পরিবর্তনের পরই মাইক্রোসফটের এই নতুন কৌশল সামনে আসে। আগে ওপেনএআইয়ের প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকায় নিজেদের মডেল তৈরির সুযোগ সীমিত ছিল প্রতিষ্ঠানটির।

মাইক্রোসফট ২০২৩ সালে বিং চ্যাট নামে একটি সেবা চালু করলেও সেটি মূলত চ্যাটজিপিটি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি ছিল। পরে একই বছরের সেপ্টেম্বরে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কো-পাইলট নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী যুক্ত করা হয়। ২০২৫ সালের শেষ দিকে ওপেনএআইয়ের সঙ্গে নতুন চুক্তির পর মাইক্রোসফট নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পায়। এরপর থেকেই নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক সাক্ষাৎকারে মুস্তাফা সুলেমান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সর্বোচ্চ মানের কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা তৈরি করা।’ তিনি জানান, ভবিষ্যতের মডেলগুলো লেখা, ছবি ও শব্দ সব ধরনের কনটেন্ট তৈরি ও বিশ্লেষণে সক্ষম হবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে মাইক্রোসফট গুগলসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান নিতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত