যুক্তরাষ্ট্র ও মিত্রদের নতুন যে হুমকি দিলো ইরান!

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। তিনি বলেছেন, তেহরান এমন ব্যবস্থা নেবে যাতে ওয়াশিংটন ও তার সহযোগীরা এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বছরের পর বছর ‘বঞ্চিত’ থাকে এবং এ অঞ্চল থেকে সব গুটিয়ে চলে যেতে বাধ্য হয়। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জোলফাগারি বলেন, আজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরের ৩০টিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে।

এছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ছোড়া পাঁচটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। সৌদি সামরিক বাহিনীর এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এক্স-এ দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে এবং আঘাত হানার আগেই পাঁচটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে দেওয়া হয়।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদের আল-তুজ্জার সড়কে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন আহত হয়েছেন। আল–জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, আকাশ থেকে ড্রোনের অংশবিশেষ নিচে পড়লে এই ঘটনা ঘটে। সংবাদদাতারা আরও জানান, ড্রোনের আঘাতে রাস্তার পাশে থাকা একটি বাড়ির সামনের অংশ ও একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যদিকে কাতারে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছিল।এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মুরাইখ এলাকায় এক নাগরিকের বাড়ির ওপর পড়েছে।এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, গত রাতে দেশটির আকাশসীমা লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা তারা ‘সফলভাবে প্রতিহত’ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত