বিভিন্ন স্থানে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও যানজট

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ এএম

তৈরি পোশাক খাতের শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ, পাওনা বোনাস এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সচল রাখতে কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। অন্যদিকে শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকার সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও জিবারো-বিশমাইল সড়কেও তৈরি হয় তীব্র যানজট। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

কুমিল্লা : গতকাল মঙ্গলবার কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হওয়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের যানচলাচল। তীব্র যানজট ও প্রচ- গরমে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী ও চালক। পরে পুলিশ, হাইওয়ে পুলিশ, র‌্যাব ও প্রশাসনের যৌথ উদ্যোগে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজন শ্রমিককে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসা গ্রুপসহ তিনটি প্রতিষ্ঠানের অন্তত ১ হাজার ৫০০ শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও পাওনা পরিশোধে গড়িমসি করা হচ্ছে। আন্দোলনকারীরা জানান, দ্রুত বকেয়া পরিশোধ না করলে তারা আবারও মহাসড়ক অবরোধ করবেন।

এ বিষয়ে নাসা গ্রুপের নির্বাহী পরিচালক মেজর আব্দুল হাফিজ শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিষ্ঠানটি বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তবে সমস্যার সমাধানে কাজ চলছে।’ এদিকে কুমিল্লা ইপিজেডের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘ইতিমধ্যে প্রায় ২৫ শতাংশ শ্রমিকের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে বাকি পাওনাও পরিশোধ করা হবে।’

সাভার (ঢাকা) : বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন এবং পাওনা বোনাসের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাইপাইল ইনজেনিটেক্স বিডি লিমিটেডের পোশাকশ্রমিকরা এবং জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ঈদের আগে বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। ঈদ পার হলেও এখনো কারখানা চালু করেনি। এ ছাড়া ঈদের বোনাস ও মার্চ মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘ঈদের আগে ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেড কারখানা দুটি কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে। তবে কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের বেতন পরিশোধ করেনি। সে কারণে ওই দুই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করেছে।’ শিল্পপুলিশের আশ্বাসে পরে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন বলেও জানান তিনি।

আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত