পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুদিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার বিকেলে ভারতের রাজধানী দিল্লি পৌঁছেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কে গতি আনা, জ্বালানি সহায়তা, বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে ভারতে রপ্তানি এবং ভারত হয়ে অন্য দেশে রপ্তানির ক্ষেত্রে বিরাজমান বাধা দূর করা এবং অভিন্ন নদী গঙ্গার পানি ভাগাভাগির চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ে দেশটির অন্তত তিনজন মন্ত্রী ও একজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর বাইরে দিল্লি থেকে বাংলাদেশের জন্য বিভিন্ন দেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন, এমন কূটনীতিকদের সঙ্গেও তিনি বৈঠকে অংশ নেবেন। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের উদ্দেশে তিনি গতকাল ঢাকা ত্যাগ করেছেন। পথিমধ্যে তিনি দিল্লিতে যাত্রাবিরতি করছেন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের গতকাল সন্ধ্যায় বৈঠক হওয়ার কথা ছিল।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে খলিলুর রহমানের আজ বুধবার বৈঠক হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম গতকাল মঙ্গলবার জানান, ভারতের উপদেষ্টা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে মরিশাসের উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত ও মরিশাস সফরে রয়েছেন।
