গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে হত্যাকা-, নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পাশাপাশি এ মামলায় পলাতক হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৮ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।
গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। এ মামলায় কারাগারে থাকা চার আসামি ও পলাতকদের গ্রেপ্তার করে ১৯ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এ মামলায় আরও উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগ দলীয় স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। আসামি ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান আজিজ, মোহাম্মদ ফিরোজ ও তৌহিদুল ইসলাম কারাগারে আছেন। অন্যরা পলাতক।
এর আগে গত রবিবার ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে আসামিদের বিরুদ্ধে চট্টগ্রামে ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ৬২ জনকে।
