জামিন পেলেন জামায়াতের নারীকর্মী বিবি সাওদা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ এএম

ভোলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচিত নারীকর্মী বিবি সাওদার (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত রবিবার দিবাগত রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের ‘ক্ষণিকালয়’ নামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (ডিবি)।

এদিকে জ্বালানি সংকট নিয়ে ফেসবুক পোস্টের জেরে ‘সাওদা সুমি’ নামে জামায়াতের নারীকর্মীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সামাজিক মাধ্যম, বিবৃতি এমন কী সংসদেও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল। জানা যায়, গ্রেপ্তারের পর গত সোমবার সাওদা সুমিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার তাকে পুনরায় আদালতে তোলা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয় এবং শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তি পেয়ে বিবি সাওদা বলেন, ‘একটি ভিডিও ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমাকে গ্রেপ্তার করা হয়।’ তার দাবি, মত প্রকাশের কারণে তিনি হয়রানির শিকার হয়েছেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান লিখেছেন ‘জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’ এ ছাড়া গতকাল এক বিবৃতিতে সুমিকে গ্রেপ্তার সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত