হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ এএম

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২৪ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হাম সন্দেহজনক রোগী ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত ৪ হাজার ১৬০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৮৪৬ জন। এ ছাড়া হাম সন্দেহজনক রোগী বরিশালে ৬২৮, চট্টগ্রামে ১৪১৫, খুলনায় ৮২৪, ময়মনসিংহে ২৫৯, রাজশাহীতে ১ হাজার ৭৫০, রংপুরে ৩৭৯ ও সিলেটে ৪৬৮ জন। এ পর্যন্ত উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এরপর ঢাকায় ৫১, চট্টগ্রামে ১০, খুলনায় ৬, বরিশালে দুই ও সিলেটে একজন।

এদিকে হাম প্রতিরোধে গত রবিবার থেকে দেশের ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ শিশু টিকা নিয়েছে। এ ছাড়া রাজধানীসহ দেশের কয়েকটি সিটি করপোরেশন এলাকায় আগামী ১২ এপ্রিল থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এই কার্যক্রম চালু হবে। পরে ৩ মে থেকে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এরই মধ্যে ৫ এপ্রিল থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার শিশু। এর মধ্যে ৭৩ হাজার টিকা পেয়েছে, যা প্রায় ৯৬ শতাংশ সাফল্য।’ টিকা সংগ্রহ বিষয়ে তিনি বলেন, ‘ইউনিসেফ ও গ্যাভির মাধ্যমে টিকা আনা হচ্ছে, অন্য কোনো উৎস থেকে কেনা হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত