সুজন সম্পাদক বললেন

বিএনপি পুরনো পথে হাঁটলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়তে পারে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

যে কাঠামো ও প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনা স্বৈরশাসনের দিকে গিয়েছিলেন, সেই একই ব্যবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে দেশের ভবিষ্যৎ আবারও সংকটাপন্ন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য?’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সুজন সম্পাদক বলেন, পুরনো ধাঁচের রাজনীতি অনুসরণ করে ভিন্ন কোনো ফল পাওয়া সম্ভব নয়। এটা এখন স্পষ্ট। তার মতে, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপি এখনো আগের পথই অনুসরণ করছে। বর্তমানে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দিকে এগোচ্ছে না। দলটির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ নিয়ে তারা সময়ক্ষেপণ করছেন, এমনকি কিছু বাতিলও করছেন।

বদিউল আলম মজুমদার প্রশ্ন তোলেন, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার কারণেই কি তাদের এই ধরনের আচরণ দেখা যাচ্ছে? অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনে বিপুল দুই-তৃতীয়াংশ-সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অনেক সময় নেতাদের বাস্তবতা থেকে বিচ্যুত করে ফেলে।

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন অত্যন্ত জরুরি, কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলন।

বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি এমএ মতিন। সেখানে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মৌলিক সংস্কার না হলে দেশ আবারও স্বৈরশাসনের ঝুঁকিতে পড়তে পারে।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী এবং নাগরিক কোয়ালিশনের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুরসহ বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত