বগুড়ায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের সদর থানার পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী কক্সবাজার জেলার চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার বাসিন্দা।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে সড়কপথে এক মাদক ব্যবসায়ী আইস নিয়ে বগুড়ার দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে পিটিআই মোড়ের একটি হোটেলের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল।
পরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত পায়জামার ডান পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে সাদা দানাদার পদার্থ পাওয়া যায়, যা ক্রিস্টাল মেথ বা আইস হিসেবে শনাক্ত করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রুমিন ফারহানাকে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী