যশোরে বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বর্ষবরণে শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জেলার সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় যশোর কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, শোভাযাত্রায় কেউ মুখ ঢেকে মুখোশ ব্যবহার করতে পারবেন না। তবে ঐতিহ্য ধরে রাখতে মুখোশ হাতে বহন বা প্ল্যাকার্ড হিসেবে প্রদর্শনের অনুমতি থাকবে। এ ছাড়া বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করতে পারবে, তবে অনুষ্ঠান আয়োজনের আগে প্রশাসনকে অবহিত করতে হবে এবং সব কার্যক্রম সন্ধ্যার আগেই শেষ করতে হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, উৎসবে আনন্দ-উচ্ছ্বাস থাকলেও নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। তাই মুখ ঢাকা মুখোশ পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, পহেলা বৈশাখ উদযাপনে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যানজট নিরসনসহ সার্বিক নিরাপত্তায় শহরজুড়ে পুলিশ সদস্যরা তৎপর থাকবেন।
এদিকে, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন জানান, বর্ষবরণ আয়োজনকে আরও উৎসবমুখর করতে অংশগ্রহণকারী প্রতিটি সাংস্কৃতিক সংগঠনকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
প্রস্তুতি সভায় প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ জেলার শিল্প-সাহিত্য ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
