কর্ণফুলী নদীকে দখল-দূষণ থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘পয়েন্ট অব অর্ডারে’ বক্তৃতা দিয়ে গিয়ে এ বিষয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, ‘কর্ণফুলী নদী শুধু চট্টগ্রামবাসীর সম্পদ নয়, এটি সমগ্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নদীটির অস্তিত্ব রক্ষা করা এখন সময়ের দাবি।’ তিনি স্পিকারের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এমপি আবু সুফিয়ান আরও উল্লেখ করেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ৩৭টি খাল দিয়ে কল-কারখানার বর্জ্য পদার্থ সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা কমে যাচ্ছে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। নদীর দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নজরদারি না থাকলে ভবিষ্যতে কর্ণফুলী নদী অস্তিত্ব সংকটে পড়বে। তাই কর্ণফুলী নদীকে বাঁচাতে এখনই সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ জরুরি| চট্টগ্রামের প্রাণ হিসেবে পরিচিত কর্ণফুলী নদী রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।
