ক্রিকেটবিশ্ব এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হলো। ব্রাজিলের ফাস্ট বোলার লরা কার্ডোসো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন। গতকাল বৃহস্পতিবার লেসোথোর বিপক্ষে ম্যাচে তিনি এ ইতিহাস গড়েন। নারী টি- টোয়েন্টিতে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আর ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে এতদিন সবার ওপরে ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের নাম। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
লেসোথোর বিপক্ষে ম্যাচে লরা কার্ডোসো মাত্র ৩ ওভার বল করে ৪ রান দিয়ে ৯ উইকেট শিকার করেন। এটি পুরুষ বা নারীউভয় ধরনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। কার্ডোসো তার স্পেলের দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেন এবং চতুর্থ ওভারে একাই ৪ উইকেট নেন। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। ১০ নম্বর উইকেটটিও পেয়ে যেতেন, তবে লেসোথোর শেষ উইকেটটি মারিয়ান আর্তুর নিলে কার্ডোসোর আর সেই সুযোগ মেলেনি।