মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বাালানি তেলের বাজারে। তবে সরকার জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং অপচয় রোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। সরকারের তরফে দেশে পর্যাপ্ত তেল মজুদের বিষয়ে নিশ্চিতের পরও রয়েছে অস্থিরতা। এক্ষেত্রে একদিকে অবৈধ মজুদদারদের তেল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকটের চেষ্টা, অন্যদিকে কোথাও কোথাও চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি দেখিয়ে অতিরিক্ত দামেরও অভিযোগ রয়েছে। সংকট নিরসনে দেশজুড়ে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো খবর
বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের জন্য বরাদ্দকৃত ডিজেল নিয়ে রাজনীতির অভিযোগে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গত বুধবার রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে শ্যালো মেশিনধারী কৃষকদের ডিজেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণœ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’ তিনি অভিযোগ করেন, ‘জামায়াতে ইসলামীর কিছু নেতা সাতৈর ইউনিয়ন পরিষদে পৌঁছানোর আগেই জোরপূর্বক তেলের গাড়ি থেকে ডিজেল নামিয়ে তা নিজেদের দলীয় তেল হিসেবে প্রচারের চেষ্টা করে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।’ সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু অভিযোগ করে বলেন, ‘একটি মহল তেল আত্মসাতের চেষ্টা করেছিল।’
প্রসঙ্গত প্রতিটি ইউনিয়নের জন্য প্রায় ২ হাজার লিটার ডিজেল বরাদ্দ রাখা হয়, যা কার্ডধারী প্রান্তিক কৃষকদের মধ্যে বিতরণের কথা। তবে বিতরণ কার্যক্রম শুরুর আগেই সাতৈর ইউনিয়নে তেল নামানোকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত উপেক্ষা করে তেলের গাড়ি অন্যত্র নামানো হয়।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ও পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনায় দুই বাইকারকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুচলেকা প্রদান সাপেক্ষে আটকদের ছেড়ে দেওয়া হয়।
গাইবান্ধা : জেলার সাঘাটার দুটি স্থান থেকে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় তেল মজুদের দায়ে দুজনকে কারাদন্ড দেওয়া হয়। গতকাল দুপুরে উপজেলার হাটভরতখালি ও পদুমশহর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবির।
জানা যায়, অবৈধভাবে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে উপজেলার হাট ভরতখালি বাজারের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রশাসন ৪০০ লিটার পেট্রোল জব্দ করে। আটক করা হয় দোকান মালিক আবুল কালাম আজাদ আহাদকে। এরপর পদুমশহর ইউনিয়নের স্কুলের বাজার এলাকার গরুর খামার থেকে ৮৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়। আটক করা হয় খামারের মালিক সুজা মিয়াকে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল কালাম আজাদ আহাদকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা এবং সুজা মিয়াকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দাউদকান্দি : কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সয়াবিন তেল প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের অভিযোগে মেসার্স এ কে আজাদ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক আজাদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
হাতিয়া : নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বাালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম গত বুধবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কোস্ট গার্ডের একটি দল হাতিয়া থানাধীন চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাট-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকায় অবৈধভাবে মজুদ অবস্থায় ৩ হাজার লিটার অবৈধ জ্বাালানি তেল (ডিজেল) জব্দ করেছে। পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।