এলডিসি গ্র্যাজুয়েশনে যৌক্তিক করহার নির্ধারণ করা হবে

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন-একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য রাজস্ব সংগ্রহের চাপ থাকে। কিন্তু সবাইকে চাপে ফেলে আমরা রাজস্ব সংগ্রহ না করে কল্যাণমূলক রাষ্ট্র ও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য করহার যৌক্তিক করা হবে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের সঙ্গে প্রাক বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এনবিআর চেয়ারম্যান বলেন, যারা ভ্যাট ও ট্যাক্স নিয়ে দ্বিধায় আছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য সিস্টেম আধুনিকায়ন করা হচ্ছে। যারা অগ্রিম কর বা অতিরিক্ত ভ্যাট কিংবা অগ্রিম আয়কর প্রদান করেন তা সমন্বয়ের মাধ্যমে দ্রুত রিফান্ডের জন্য সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হবে। তিনি বলেন- সরকার বন্ড ম্যানেজমেন্ট ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনা কিভাবে আধুনিক ও পেপারলেস করা যায় সে লক্ষ্যে কাজ করছে। এজন্য বর্তমান সরকার ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ডিউটি দিতে যাতে কেউ কার্পন্য না করে সে জন্য নিয়মগুলোকে ডিরেগুলেট করার জন্য উদ্যোগ নিয়েছে। এছাড়া নন-কমপ্লায়েন্স করদাতাদের ক্ষেত্রে ম্যানুয়েল পদ্ধতি বন্ধ, কাস্টমস এর ক্ষেত্রে ইচ্ছামাফিক কায়িক পরীক্ষা বন্ধ এবং বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য পুনরায় রপ্তানির সাথে সমন্বয় হলে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য বন্ড ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। ব্যবসায়ীরা যাতে এনবিআর অফিসে ঘুরতে না হয় সেজন্য সবকিছু অটোমেশন করা হয়েছে। ফলে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সার্টিফিকেট অনলাইনে প্রদান করা হচ্ছে। এছাড়া করদাতারা যাতে উৎসবমুখর পরিবেশে সারাবছর রিটার্ন দাখিল করতে পারেন সেই ব্যবস্থা নিচ্ছে এনবিআর।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেম্বারের প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও ফরিদ আহমেদ চৌধুরী, উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা, এফবিসিসিআই’র প্রাক্তন পরিচালক মো. আমিরুল হক, চিটাগাং চেম্বারের প্রাক্তন সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, প্রাক্তন পরিচালক ড. মঈনুল ইসলাম মাহমুদ, নাসির উদ্দিন চৌধুরী ও এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপ’র সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, রাঙ্গামাটি চেম্বার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সিএন্ডএফ এসোসিয়েশন’র সভাপতি এস. এম. সাইফুল আলম, জিপিএইচ ইস্পাত’র ডিএমডি আলমাস শিমুল, প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, বিএসএম গ্রুপের আবুল বাশার চৌধুরী, শিপ ব্রেকিং এসোসিয়েশন’র মাস্টার আবুল কাশেম, বারভিডা’র মহাসচিব রিয়াজ রহমান, ক্যাব’র ইকবাল বাহার ছাবেরী, টায়ার টিউব এসোসিয়েশন’র সভাপতি মাঈন উদ্দিন আহমেদ, বন্দর ট্রাক মালিক কন্ট্রাক্টর এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সালামত আলী, পার্ক শিপিং লাইন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, বিজিএপিএমইএ’র ১ম সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, সাহির ট্রেড’র সরোয়ার আলম খান ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নানসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত