জয় দিয়ে এশিয়ান গেমসের বাছাই শেষ করলে বাংলাদেশ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম

এশিয়ান গেমসের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল। ব্যাংককের শেষ ম্যাচটি ছিল কেবল নিজেদের অবস্থান সংহত করার লড়াই। সেই লড়াইয়ে স্নায়ুচাপ ধরে রেখে চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম স্থান নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ হকি দল। মেহরাব হোসেনের জয়সূচক গোল আর আশরাফুল ইসলামের জোড়া লক্ষ্যভেদে প্রতিপক্ষকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুই দল। আসর শুরুর ম্যাচেও এই চাইনিজ তাইপেকেই ৪-৩ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শেষটাও হলো তাদের হারিয়েই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। সপ্তম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দলকে লিড এনে দেন আশরাফুল ইসলাম। তবে প্রথম কোয়ার্টারেই ওয়ে চেং জির গোলে সমতায় ফেরে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে আশরাফুল দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

তৃতীয় কোয়ার্টারে খেলা জমে ওঠে। শুরুতে চাইনিজ তাইপের লো হাউ-কাই গোল করে স্কোরবোর্ডে ২-২ সমতা ফেরান। ম্যাচের ৩৮ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। দারুণ এক ফিল্ড গোলে জাল খুঁজে নেন মেহরাব হোসেন। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাছাইপর্বের এই সফরটি বাংলাদেশের জন্য ছিল চড়াই-উতরাইয়ের। শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হার এবং উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ের পর কিছুটা চাপে পড়েছিল দল। তবে হংকংয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের ৪-৪ ড্রয়ের পর শুটআউটে ৩-২ গোলের জয় এশিয়ান গেমসের মূল পর্বে খেলা নিশ্চিত করে দেয়।

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর আগে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই ছিল দলের সেরা সাফল্য। এবার পঞ্চম হয়ে বাছাই শেষ করা মূল পর্বের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাবে। আগামী সেপ্টেম্বরে জাপানের আচি ও নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে সেখানে লড়াই করার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে আশরাফুল-মেহরাবদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত